সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
রিজভী বলেন, ২০-দলীয় জোটের পক্ষ থেকে সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে ২৪ জুন বরিশাল সিটিতে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও রাজশাহী সিটি করপোরেশনে বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের কথা উল্লেখ করেন এর তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানাভাবে কারচুপির পরও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ গতকাল থেকেই নির্লজ্জ মিথ্যাচার করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।