সিলেটে মেজরের ওপর হামলা ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার
সিলেটে সেনাবাহিনীর এক মেজরকে ছুরিকাঘাত করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার পর ছাত্রলীগের চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছেন নগর ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান খান, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও মকসুদ আহমদ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে নগরের মুন্সিপাড়া ১১৯ নম্বর বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মেজর আবদুল আজিজ। এ সময় ছাত্রলীগের একদল কর্মী কয়েকটি মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় তারা তাঁর গাড়ি সড়কের পাশে নিয়ে রাখার নির্দেশ দেয়। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মেজর আবদুল আজিজের হাতে ছুরিকাঘাত করে এবং তাঁর গাড়ি ভাঙচুর করে পালায় তারা। পরে গাড়িচালকের সহায়তায় আবদুল আজিজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল সকালে মামলা করেন।
মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারীদের শনাক্ত করে। এ ঘটনায় মামলার পরপরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে নগর ছাত্রলীগের তিনজন নেতা বলেন, ওই দিন বিকেলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম সুবিদবাজারের কাছে ছাত্রদলের একটি পক্ষের হামলায় ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে দেখতে মোটরসাইকেলে করে তাঁর অনুসারী একদল কর্মী হাসপাতালের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল মহড়া করে হাসপাতালে যাওয়ার সময় মুন্সিপাড়ার কাছে এ ঘটনা ঘটে।