রোববার সিলেট ও বগুড়ায় হরতাল
বগুড়া ও সিলেটে আগামী রোববার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। বগুড়ায় রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং সিলেটে সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা হরতাল ডাকা হয়েছে।
বগুড়া
বগুড়া জেলাজুড়ে রোববার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বগুড়ার অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। বগুড়া জেলাজুড়ে এই হরতালের ডাক দেওয়া হলেও কার্যত এ হরতালে রংপুর বিভাগের আটটি জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট ও নওগাঁর সঙ্গে গোটা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, ‘বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে আজ শুক্রবার ২০-দলীয় জোটের বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জোটের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সন্ধ্যায় হরতাল কর্মসূচির ঘোষণা দেন। বৈঠকে জেলা বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও জোটের অন্যতম শরিক জামায়াতের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’
সিলেট
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আগামী রোববার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ বিকেলে নগরের জিন্দাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা ও নগর কমিটি জরুরি সভা করে এ হরতালের ডাক দেয়। গত বুধবারও নগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে নগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শমসের মবিনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শমসের মবিন চৌধুরীকে সাংসদ ছবি বিশ্বাসের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে বিএনপি ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালানো হয়। এ সময় নেত্রকোনা-১ আসনের ক্ষমতাসীন দলের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা চালান বিএনপির কর্মীরা। এতে সাংসদ ও তাঁর গাড়িচালক আহত হন। পরে হামলাকারীরা সাংসদের গাড়িতে অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় শাহবাগ থানায় ছবি বিশ্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও বগুড়া প্রতিনিধি।)