সিলেটে সিপিবির সম্মেলন, কুমিল্লায় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির একাদশ সম্মেলনের উদ্বোধন করেছেন সিপিবির উপদেষ্টা ও সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। একই দিন চার বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কুমিল্লা জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

সিলেট জেলা কমিটির একাদশ সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার এক সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি মনজুরুল আহসান বিকেল সাড়ে চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন।

মনজুরুল আহসান খান বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান আমলেও এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর এ নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াত যে ধরনের সন্ত্রাস-নাশকতা করেছে, সেটিও সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। উভয় রাজনৈতিক দলের এমন কর্মকাণ্ডকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ একসময় শিক্ষক, সাহিত্যিক, লেখক ও আইনজীবীদের সংগঠন ছিল। এখন এটি কোটিপতিদের সংগঠন হয়ে দাঁড়িয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ। পুরো সভাটি সঞ্চালন করেন সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সম্মেলন উদ্বোধনের পরপর নগরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

সিপিবি কুমিল্লা জেলা শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ বি এম আতিকুর রহমান বাশার ও সাধারণ সম্পাদক পদে পরেশ রঞ্জন কর। চার বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি গঠন করা হয়।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে এ কমিটি গঠন করা হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল আহমেদ ওই কমিটি ঘোষণা করেন। এর আগে গত শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি আতিকুর রহমান বলেন, এবার কমিটির সংখ্যা কমিয়ে ১৭ থেকে ১৩-তে আনা হয়েছে। সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাট ও গণতন্ত্রহীনতা থেকে দেশ বাঁচাতে নতুন কমিটি আরও গতিশীল করে কাজ করবে। বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা হবে। একই সঙ্গে সমাজতন্ত্রের সংগ্রাম অব্যাহত থাকবে।