সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আজ বুধবার তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়াকে বুধবার দুপুরে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হলো। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।

গত রোববার খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, আগের দিন শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় শেষ হওয়ার পর শারীরিক অবস্থা কেমন, তা বলা যাবে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদার।