সীতাকুণ্ড ও ভোলায় আটক ৬, একজনের কারাদণ্ড
পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচজনকে আটক করা হয়েছে। ভোলায় একই অভিযোগে একজনকে আটক করা হয়। আরেকজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার দুপুরে নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড: সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব আলমের নেতৃত্বে বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন নাজিম উদ্দিন, মো. সোহেল, মো. শামীম, মো. জামশেদ উদ্দিন। একজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মেজবা উদ্দিন বলেন, এরপর কোনো কেন্দ্রে এ ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ভোলা: ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় রাজু বিবি (৪৫) নামের একজন নারীকে আটক করা হয়েছে। এর আগে একই অভিযোগে হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার।