সীমা লঙ্ঘন করবেন না, নেতা-কর্মীদের কাদের

দলের সম্মেলনকে কেন্দ্র করে অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন না করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপকমিটির বরিশাল বিভাগের বৈঠকের শুরুতে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
নেতা-কর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এবার স্মরণকালের সবচেয়ে সুশৃঙ্খল, বর্ণাঢ্য সম্মেলন হবে। এটা একটা টিম ওয়ার্ক। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। নেত্রীর ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে—যা করার তিনিই করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ, তেমনই প্রতিটি স্থানে আমাদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের ইতিহাস-সংগ্রাম এবং ঐতিহ্যের ইতিহাস, এর সঙ্গে প্রযুক্তি সমন্বয়ে ২০২১ সালকে টার্গেট করে আমরা এগিয়ে এসেছি। সম্মেলনের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব।
মন্ত্রী বলেন, সম্মেলনকে কেন্দ্র করে কেউ অতি উৎসাহী হয়ে অফিসে এসে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করবেন না। অতি বাড়াবাড়ি ভালো নয়, সীমা লঙ্ঘন করবেন না।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জেলা পর্যায়ে তালিকা করে অতীতে ডেলিগেটদের কার্ড দেওয়া হয়নি, এবার হচ্ছে। তালিকা অনুযায়ী কার্ড বিতরণ করা হবে। কারণ আমাদের সরকারের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। কোনো ষড়যন্ত্রকারী যেন দলে ঢুকতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।