সীমান্ত বিল পাস করায় মোদিকে খালেদার অভিনন্দন
ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত বিল পাস করায় নরেন্দ্র মোদির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অনেক দালালি করেছে আওয়ামী লীগ। অথচ কিছুই পায়নি। কংগ্রেস সবকিছুই নিয়ে গেছে। মোদি সরকার কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক করতে চায় বলে স্থলসীমান্ত বিল ভারতের সংসদে পাস করেছে।
গতকাল শনিবার রাতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে গুলশানের নিজ কার্যালয়ে মতবিনিময়ের শুরুতে খালেদা জিয়া এসব কথা বলেন। রাত নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা মতবিনিময় সভা হয়।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দালালি করে সম্পর্ক তৈরি করা যায় না। আমরা দালালি করি না। নরেন্দ্র মোদি দালালি পছন্দ করেন না। আওয়ামী লীগের দালালির ফলে কংগ্রেস সরকার বাংলাদেশকে পানি পর্যন্ত দেয়নি।’
নিখোঁজ সালাহ উদ্দিন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ র্যা বের কাছে আছে। অবিলম্বে সালাহ উদ্দিনকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিন, না হয় যেখান থেকে তুলে নিয়েছেন, সেখানেই রেখে আসুন।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গত ১০ মার্চ নিখোঁজ হন। খালেদা জিয়া বলেন, ‘দুই মাসেও আমরা তাঁকে পাইনি। সালাহ উদ্দিনের কিছু হলে পরিণতি ভালো হবে না।’
২০-দলীয় জোটের আন্দোলনে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘আন্দোলনের সময় পেট্রলবোমা হামলার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত ছিল।’ তিনি বলেন, তিন সিটি নির্বাচনে পুলিশ ও সন্ত্রাসীদের মাধ্যমে ভোট ডাকাতি হয়েছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আইনজীবী আহমেদ আজম খান, কর আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মজিদ মল্লিক, মহাসচিব মো. হুমায়ুন কবিরসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।