সু চির দলকে খালেদা জিয়ার অভিনন্দন
মিয়ানমারের সাধারণ নির্বাচনে নোবেল জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির জয়ে অভিনন্দন জানিয়েছে বিএনপি। এই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে গণতন্ত্রের নতুন ধারা সূচিত হবে বলে আশা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘জনগণের রায়কে দেশের ক্ষমতাসীনেরা যে মেনে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন, তা জেনে আমি খুশি হয়েছি।
জনগণ যদি অবাধে ভোট দিতে পারে, তাহলে জনগণের রায় তাতে প্রতিফলিত হয়।’
খালেদা জিয়া বলেন, বাংলাদেশেও বিএনপি ও অন্যান্য বিরোধী দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অবাধ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশে এখন যে গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলশ্রুতিতে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জরুরি। একটি মুক্ত নির্বাচন আয়োজনের সব প্রতিবন্ধকতা দূর করতে সরকার উদ্যোগী হবে বলে তিনি এখনো আশা করেন।