সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এরপর সন্ধ্যায় কেন্দ্র থেকে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের ১৫ মার্চের মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
গত শুক্রবার প্রথম আলোয় ‘সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ: কালকের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা?’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, বর্তমানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ চার ভাগে বিভক্ত।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী রাত আটটায় প্রথম আলোকে বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ-সংক্রান্ত কোনো কাগজ এখনো পাইনি।’