সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা বিএনপির ৫১ সদস্যের কমিটি গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদকে সভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির নতুন কমিটিতে স্বাক্ষর করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ২০০৯ সালে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ওই বছরের ২৫ নভেম্বর জেলা বিএনপির দুই পক্ষ শহরে একই দিন পৃথকভাবে জেলা সম্মেলন করে দুটি কমিটি ঘোষণা করে। পরে কেন্দ্র থেকে মোহাম্মদ ফজলুল হককে জেলা কমিটির সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কিন্তু অপর পক্ষ তা মেনে নেয়নি। এ নিয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক হলেও সমঝোতা হয়নি।
এরপর ২০১১ সালের এপ্রিলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে ফজলুল হককে সভাপতি এবং কলিমউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটির অনুমোদন দেন। তখন এক পক্ষ ওই কমিটি বাতিলের দাবি জানায় এবং শহরে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে। জেলা বিএনপির এ বিরোধ মেটাতে পরে কমিটির সদস্য বাড়িয়ে ১৯৫ করা হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা কমিটি ভেঙে দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। কিন্তু বিরোধ আর মেটেনি।
নতুন কমিটির সভাপতি কলিমউদ্দিন আহমদ একসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংসদ মোহাম্মদ ফজলুল হকের অনুসারী ছিলেন। পরে তিনি নাছির উদ্দিন চৌধুরীর বলয়ে যোগ দেন। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফজলুল হকের সমর্থক হিসেবে পরিচিত।