সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন আজ
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাওর-অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। ১১০টি কেন্দ্রের ৫০২টি কক্ষে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ দল ও ভ্রাম্যমাণ আদালত থাকবে নির্বাচনী এলাকায়।