সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষই তৎপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর পর ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এর আগে একাধিকবার তারিখ ঘোষণা করা হলেও সম্মেলন করা যায়নি। এবার নেতা-কর্মীরা দুই পক্ষে বিভক্ত হয়ে সম্মেলনকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ১৮ মার্চ। ৫৪ জনের এই কমিটির ১০ জন বেঁচে নেই। ছয়জন আছেন প্রবাসে। কেউ কেউ দলত্যাগ করেছেন। কয়েকজনকে পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। বর্তমানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক সাংসদ মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আছেন নুরুল হুদা।
সর্বশেষ গত বছরের ৭ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনের আগের দিন হঠাৎ করে কেন্দ্র থেকে সম্মেলন স্থগিতের ঘোষণা আসে। এর আগে আরও চারবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
এদিকে জেলা সম্মেলন ঘিরে নেতা-কর্মীরা নড়েচড়ে বসেছেন। তাঁরা বলছেন, দলে এখন দুটি বলয়ের একদিকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক; অন্যদিকে সভাপতি পদে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য এনামুল কবিরের নাম আলোচনায় আছে।
সম্মেলন নিয়ে জেলা কমিটির সাতজন নেতার সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। নেতাদের কয়েকজন বলেন, একসময় ভারপ্রাপ্ত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন তা নেই। কেন্দ্রের মনোভাব হলো এ দুই নেতাকে ভারমুক্ত করে তাঁদের নিজ নিজ পদেই রাখা। আর অন্যরা বলছেন, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে। তাই শীর্ষ এ দুই পদেও পরিবর্তন আসতে পারে।
নুরুল হুদা বলেছেন, তৃণমূলের নেতারাই কাউন্সিলের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্ধারণ করবেন। তবে এক পক্ষ আছে, যারা সম্মেলনের নাম শুনলেই নানাভাবে বাধার সৃষ্টি করে। এরা দলের জন্য ক্ষতিকর।
এনামুল কবির বলেছেন, সম্মেলনের মাধ্যমে নেতা-কর্মীরা উজ্জীবিত হন, দল শক্তিশালী হয়। সুনামগঞ্জে সংগঠনের ১৪টি ইউনিট রয়েছে। এসব ইউনিটের সাতটিতেই গঠনতান্ত্রিকভাবে কমিটি হয়নি। জেলা সম্মেলনের আগে এসবের গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘নেতা-কর্মীরা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সভাপতি হিসেবে চাইছেন। আমরাও চাই নবীন ও প্রবীণদের সমন্বয়ে কমিটি হোক। সম্মেলন হলে জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের স্থবিরতা কেটে যাবে।’
এদিকে, সম্মেলনের আগে দুই বলয়ের নেতা-কর্মীদের অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। কয়েকজন নেতা-কর্মী বলেন, ঢাকায় ৮ ফেব্রুয়ারি এম এ মান্নানের সঙ্গে বৈঠক করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ১০ ফেব্রুয়ারি তিনি ও মতিউর রহমান দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
এ বিষয়ে মতিউর রহমান বলেন, ‘জেলা সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জেলার সার্বিক অবস্থা জানিয়েছি। এখন অনেকেই উড়ে এসে জুড়ে বসার স্বপ্ন দেখছেন। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই নেতা-কর্মীরা বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি।’
তবে এ ব্যাপারে কথা বলার জন্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান বলেছেন, যাঁরা দলের জন্য দীর্ঘদিন শ্রম দিয়েছেন, নেতা-কর্মীদের আগলে রেখেছেন, তাঁদের মূল্যায়ন হওয়া উচিত। অরাজনৈতিক ব্যক্তিদের হাতে দল গেলে ক্ষতি ছাড়া লাভ হবে না।