সুনামগঞ্জে বিএনপিতে বিভেদ কাটছে না
সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের বিভেদ কাটছে না। সাত বছর ধরে কেন্দ্র থেকে এবং স্থানীয়ভাবে বারবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। বিভক্তির কারণেই জেলায় সংগঠন দুর্বল হয়ে পড়ছে বলে মনে করছেন তৃণমূল নেতা-কর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাধিক সদস্য মনে করেন, দলে কর্মীদের মধ্যে তেমন কোনো বিরোধ নেই। সমস্যা হচ্ছে নেতৃস্থানীয়দের নিয়ে। বিভেদ মিটমাটের বিষয়টি নির্ভর করছে জেলা সম্মেলনের ওপর। যদি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন হয় তাহলে সমস্যা থাকবে না। না হলে পুরোনো বিভেদ রয়েই যাবে।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ বিএনপি মূলত তিন ভাগে বিভক্ত। গত সাত বছরে বারবার চেষ্টা করেও এই দ্বন্দ্ব মেটানো যায়নি। সর্বশেষ জেলা কমিটি ভেঙে করা হয়েছে আহ্বায়ক কমিটি। সম্প্রতি জেলা বিএনপির এক পক্ষের কিছু নেতা অন্য দুই পক্ষের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। ওই পক্ষের নেতারা বলছেন, কিছু মান-অভিমান থাকলেও এখন সবাই ঐক্যবদ্ধ।
২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা বিএনপির দুই পক্ষ শহরে একই সময় পৃথকভাবে জেলা সম্মেলন করে। এক পক্ষ ফজলুল হক আছপিয়াকে সভাপতি এবং রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়। অপর পক্ষ নাছির উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং দেওয়ান জয়নুল জাকেরীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। এরপর দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এর কয়েক মাস পর কেন্দ্র থেকে ফজলুল হক আছপিয়াকে সভাপতি এবং রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ‘দুই পদ’-এর এই কমিটি অপর পক্ষ মেনে নেয়নি।
এরপর ২০১১ সালের এপ্রিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে ফজুলল হক আছপিয়াকে সভাপতি, কলিম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি অনুমোদন দেন। তখন জেলা বিএনপির নেতা ওয়াকিফুর রহমান, আবুল মনসুর শওকতের নেতৃত্বে একটি পক্ষ ওই কমিটি বাতিলের দাবি জানায়। তিন ভাগে বিভক্ত জেলা বিএনপির বিরোধ মেটাতে পরে গত বছর কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্য করা হয়। এরপরও বিভেদ মিটেনি। সর্বশেষ গত ১৬ এপ্রিল কেন্দ্র থেকে জেলা কমিটি ভেঙে দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং কলিম উদ্দিন আহমদকে প্রথম সদস্য করে ৮৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। এই কমিটিকে ৪৫ দিনের মধ্যে জেলা সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সম্মেলন আর হয়নি।
জানতে চাইলে আবুল মনসুর শওকত বলেছেন, ‘আমাদের দাবি ছিল কমিটি ভেঙে দেওয়া, সেটা হয়েছে। এখন সবার মতামত নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলা কমিটি গঠন করলেই সমস্যা মিটে যাবে।’ সম্মেলন না করা প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘সময়মতো সবকিছু করা যায় না। আগামী এক-দেড় মাসের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করা হবে।’