সুনামগঞ্জে বিএনপির ১২টি শাখার কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে জেলা বিএনপির আটটি উপজেলা, তিনটি পৌরসভা এবং একটি থানায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও কমিটির প্রথম সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন এসব কমিটি ঘোষণা করেন। প্রতিটি কমিটিতে ৩১ থেকে ৪১ জন করে সদস্য রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সোমবার রাতে দিরাই উপজেলা সদরে নাছির উদ্দিন চৌধুরী তাঁর বাসায় জেলা আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনকে নিয়ে বৈঠক করেন। পরে দুই নেতা ১২টি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সদর উপজেলা কমিটিতে আকবর আলীকে আহ্বায়ক এবং আ স ম খালিদকে প্রথম সদস্য করা হয়েছে। একইভাবে বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদকে আহ্বায়ক ও আবদুল হককে প্রথম সদস্য; জামালগঞ্জে নুরুল হক আফিন্দিকে আহ্বায়ক ও আবদুল মুকিতকে প্রথম সদস্য; ধরমপাশায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব খানকে আহ্বায়ক ও আবদুল হককে প্রথম সদস্য; দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমদকে আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে প্রথম সদস্য; জগন্নাথপুরে সৈয়দ আলী আহমদকে আহ্বায়ক ও কবির আহমদকে প্রথম সদস্য; দোয়ারাবাজারে আবদুস সোবহানকে আহ্বায়ক ও আবদুল মালিককে যুগ্ম আহ্বায়ক এবং ছাতকে ফারুক আহমদকে আহ্বায়ক ও গোলাম আম্বিয়া মাজকুরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ পৌরসভায় রেজাউল হককে আহ্বায়ক ও নূর হোসেনকে প্রথম সদস্য; জগন্নাথপুর পৌরসভায় আবদুল মতিনকে আহ্বায়ক ও আহমদ মিয়াকে প্রথম সদস্য; ছাতক পৌরসভায় সৈয়দ তিতুমীরকে আহ্বায়ক ও জয়নাল আবেদীনকে যুগ্ম আহ্বায়ক এবং মধ্যনগর থানায় সবুজ মিয়াকে আহ্বায়ক ও আবদুল বারেককে প্রথম সদস্য করা হয়েছে। এর আগে জেলার শাল্লা, দিরাই ও তাহিরপুর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।