সুনামগঞ্জে সম্মেলন ঘিরে চাঙা আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৭ বছর ধরে সম্মেলন না হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ অনেকটা স্থবির হয়ে পড়েছিল। এ অবস্থায় আগামী মাসে জেলা সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সম্মেলন সামনে রেখে চাঙা হয়ে উঠেছেন তৃণমূল নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালের ১৮ মার্চ। বর্তমান কমিটির বয়স প্রায় ১৭ বছর। ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে ৫৪ সদস্যের কমিটি। কমিটির ১০ জন বেঁচে নেই। ছয়জন দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন। এ কারণে দলে একধরনের নেতৃত্বশূন্যতা বিরাজ করছিল। এখন জেলা সম্মেলনের ঘোষণা দেওয়ায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছেন। বিভিন্ন উপজেলায় ইউনিয়ন কমিটি হচ্ছে। এ মাসেই ১১ উপজেলায় কমিটি গঠন করা হবে। এ জন্য উপজেলা সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়েছে।
তবে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিভিন্ন উপজেলায় বিরোধ দেখা দিয়েছে। জামালগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে ১০টি। উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কমিটি ঘোষণা দেওয়ার পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ তাঁর কিছু সমর্থক নিয়ে প্রতিটি ইউনিয়নে পাল্টা কমিটি করার ঘোষণা দিয়েছেন। ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দলে দুই পক্ষের বিরোধ থাকায় ইউনিয়ন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জামালগঞ্জ উপজেলার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক মিলে যে কমিটি করছেন, সেটাই বৈধ।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা থেকে নেতা-কর্মীরা এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তৃণমূলের নেতা-কর্মীরা চরম হতাশ। জেলা কমিটি হলে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন বলেন, দীর্ঘ ১৭ বছরে দলে অনেক ত্যাগী ও সক্রিয় নেতৃত্ব সৃষ্টি হয়েছে।
জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন, ‘ডিসেম্বর মাসে সম্মেলন করার প্রস্তুতি নিয়েই আমরা কাজ করছি। দলে কিছুটা স্থবিরতা দেখা দিলেও এখন আবার নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দল আরও শক্তিশালী হচ্ছে।’ কিছু জায়গায় বিরোধ সম্পর্কে তিনি বলেন, ‘বড় সংগঠন, এ রকম কিছু সমস্যা থাকবেই। তার পরও আমি সবার সঙ্গে যোগাযোগ করে বিরোধ মিটমাটের চেষ্টা করছি।’