সুনামগঞ্জে 'ধরা' খেল আওয়ামী লীগ
সুনামগঞ্জের তিনটি উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন মাত্র সাতটিতে। পাঁচটিতে জিতেছেন দলের বিদ্রোহীরা। বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়ে যেমন চমক দেখিয়েছেন, তেমনি অনেক ইউপিতে দলীয় প্রার্থীর পরাজয়ে তাঁদের ভূমিকাই ছিল মুখ্য।
এ ক্ষেত্রে বিএনপি আছে খোশমেজাজে। ধানের শীষ প্রতীক নিয়ে সাতজন জয়ী হয়েছেন। তবে তাদের বিদ্রোহীরাও কম যাননি, জিতেছেন চারটিতে। দুই দলের বিদ্রোহী ধরে হিসাব করলে আওয়ামী লীগের ১২ ও বিএনপির ১১ জন জয়ী হয়েছেন। বাকি তিনটি জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীরা সমানভাবে জিতে নিয়েছেন।
গত শনিবার (২৩ এপ্রিল) জেলার সদর উপজেলার ৯টি, দোয়ারাবাজার উপজেলার ৯টি এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৯টি ইউপিতে ভোট হয়।
নির্বাচনের ফল নিয়ে শনিবার রাত থেকেই আওয়ামী লীগের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা গতকাল রোববার সকালে বলেন, ‘আওয়ামী লীগের এই ধরা খাওয়াটা দরকার ছিল। একটা শিক্ষা হওয়া উচিত। না হলে জেলার বাকি ৭ উপজেলার ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের অবস্থা আরও খারাপ হবে।’ উপজেলা পর্যায়ের আরেক নেতা বলেন, ‘প্রার্থী বাছাই ও মনোনয়নে কোনো সমন্বয় নেই। যে যার মতো করে প্রার্থী দিচ্ছে, বাণিজ্য করছে। কোনো দিন দলের নাম মুখে নেয়নি, এলাকার মানুষ চেনেও না, সে-ও দেখি দলীয় প্রার্থী।’ দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার কারণেই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে মত দেন জেলা কমিটির আরেক নেতা।
দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা দুটিতে ও দলের বিদ্রোহীরা তিনটিতে জয়ী হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন তিনটি ইউপিতে। জয়ের তালিকায় বিএনপির একজন বিদ্রোহীও আছেন। উপজেলার সাতটি ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানরা মনোনয়ন পাননি। তাঁদের ছয়জন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়েছেন দুজন। ভোটের হিসাবে দোয়ারাবাজার সদর, নরসিংহপুর, লক্ষ্মীপুর ইউপিতে দলের প্রার্থীরা তৃতীয় স্থানে আছেন। এর মধ্যে লক্ষ্মীপুর ও নরসিংহপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। বাংলাবাজার ইউপিতে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দলীয় প্রার্থী।
সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউপির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন মাত্র দুটিতে। এখানে বিএনপির প্রার্থী জিতেছেন তিনটিতে। বাকি চারটির মধ্যে বিএনপির বিদ্রোহী একটি, জাতীয় পার্টি একটি, জমিয়তে উলামায়ে ইসলাম একটি এবং বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। এই উপজেলার কাঠইর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আছেন তৃতীয় স্থানে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আটটি ইউপির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা তিনটিতে এবং বিএনপির প্রার্থী একটিতে জয়লাভ করেছেন। বাকি চারটির দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এটিতে ও স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়ী হয়েছেন। এখানে যে দুটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহীরা জিতেছেন, সেগুলোয় দলীয় প্রার্থীরা আছেন দ্বিতীয় স্থানে। পূর্ব পাগলা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আছেন তৃতীয় স্থানে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘সুনামগঞ্জের তিন উপজেলায় ইউপি নির্বাচনে সার্বিকভাবে আওয়ামী লীগের ফল খুবই খারাপ হয়েছে। মনোনয়ন নিয়ে সমস্যা নয়, সমস্যা দলের ভেতরে। কেউ কেউ দলের একজনকে পাস করাতে আবার আরেকজনকে ফেল করাতে ব্যস্ত থাকেন। ইউপি নির্বাচনে কার কী ভূমিকা, সবই জানা আছে। নেত্রীকে সব জানানো হবে।’
এ বিষয়ে কথা বলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবিরের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।