সুন্দরগঞ্জের উপনির্বাচন সুষ্ঠু হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ২২ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বিকেলে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। নুরুল হুদা বলেন, সুন্দরগঞ্জের এই উপনির্বাচন বর্তমান ইসির প্রথম জাতীয় নির্বাচন। তাই একে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মূল্যায়ন করা হবে। নির্বাচন কমিশন এ নির্বাচনের মাধ্যমে একটি বার্তা দিতে চায়—বর্তমান নির্বাচন কমিশনের আওতায় এই নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
উপনির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।
সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ এবং বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা।