সুন্দরবন ও জাতীয় সম্পদ নিয়ে চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ
সুন্দরবন ও জাতীয় সম্পদ নিয়ে চক্রান্তের বিরুদ্ধে এবং জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল সোমবার নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সংগঠক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক মিনহাজুল হক, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে ভারত থেকে আমদানি করা কয়লায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ষড়যন্ত্র সরকার দীর্ঘদিন ধরে করছে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন, পরিবেশ বিশেষজ্ঞরা এর বিরোধিতা করলেও সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারের কিছু অসাধু ও দুর্নীতিবাজ আমলা ও মন্ত্রী-এমপিদের কারণে আজ সুন্দরবন ও জাতীয় সম্পদ ধ্বংস হতে চলেছে। এর মধ্যে শ্যালা নদীতে ফার্নেশ তেলবাহী জাহাজডুবিতে সুন্দরবন ধ্বংসের সূচনা তৈরি হয়েছে। নদীর মাছ, সুন্দরবনের বিচিত্র প্রাণী, বৃক্ষ, নদীকে কেন্দ্র করে বেঁচে থাকা মানুষ সবই আজকে ধ্বংস হতে চলেছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ২০০৬ সালে সম্পাদিত ফুলবাড়ী চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। চুক্তির অন্যতম শর্ত ছিল, সারা দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিষিদ্ধ করা, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন প্রণয়ন, এ দেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কার করা। অথচ ফুলবাড়ীর কয়লাখনির নামে বেআইনিভাবে এখনো লন্ডনে শেয়ার ব্যবসা করছে এশিয়া এনার্জি।
সুন্দরবন ও জাতীয় সম্পদ নিয়ে চক্রান্ত বন্ধ করে অতি দ্রুত জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের জন্য সমাবেশ থেকে সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।