সুন্দরবন রক্ষায় অর্ধদিবস হরতাল সফলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ জানুয়ারির অর্ধদিবস হরতালের সমর্থনে পদযাত্রা, সমাবেশ ও প্রচারপত্র বিতরণ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতাল সফল করার সমর্থনে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাব, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে সমাবেশ ও পদযাত্রা করে প্রচারপত্র বিলি করা হয়।

সমাবেশ থেকে নিজ নিজ গাড়ি, কাজ ও প্রতিষ্ঠান বন্ধ রেখে সর্বাত্মক অর্ধদিবস হরতাল পালন করার আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে বলা হয়, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী-ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। প্রকল্পে প্রতিবছর ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। এর ফলে তৈরি হবে আট লাখ টন ছাইসহ বিষাক্ত দ্রব্য, যার কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটানোর পাশাপাশি ওই অঞ্চলের লাখ লাখ মানুষ তাঁদের জীবিকা হারাবেন।

রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিল ও বিদ্যুৎ-গ্যাসসমস্যা সমাধানে সাত দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ২৬ জানুয়ারি সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে।