সুন্দরবনকে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করতে পারে: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ৬৫ শতাংশ বাংলাদেশে, বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। ইউনেসকোর এ ‘হেরিটেজ সাইট’কে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করতে পারে। এর মধ্য দিয়ে উভয় দেশের পর্যটনশিল্প এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী বিমান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মান্ধ ও উগ্রবাদীদের ভ্রুকুটি উপেক্ষা করে পর্যটনশিল্প এগিয়ে যাচ্ছে। হলি আর্টিজানের মতো ট্র্যাজেডি পেছনে ফেলে কক্সবাজারে পাটার নিউ সম্মেলন, কুয়াকাটায় বিচ কার্নিভাল উদ্যাপিত হয়েছে। সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সিপিইউ (কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলন, আগামী ১৭ ও ১৮ মে চট্টগ্রামে ইউএনডব্লিউটিওর জয়েন্ট কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। নভেম্বরে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। এসব সফল আয়োজনের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি পর্যটনশিল্পও বিকশিত হবে।
পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, অভিন্ন ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য লালনকারী দুই দেশের বাসিন্দারা একযোগে কাজ করলে দুই প্রতিবেশী দেশের পর্যটনশিল্প এগিয়ে যেতে পারে। তিনি দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধিতে ঢাকা-বাগডোগরা-দিঘা ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।
টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন বিমান ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক, বিপিসির চেয়ারম্যান অপরূপ চৌধুরী পিএইচ, বিটিবির সিইও নাসির উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।