সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আজ শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই তদন্ত কমিটি গঠন করেছেন বলে প্রথম আলোকে জানান বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে। তিনি প্রথম আলোকে বলেন, দুই-একদিনের মধ্যে তাঁরা শ্যালা নদীতে যাবেন। সেখানে জীব-বৈচিত্র্যের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা দেখে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করে প্রতিবেদন উপস্থাপন করবেন।

শায়রুল কবির খান জানান, ২৫ ডিসেম্বরের মধ্যে ওই কমিটি দলীয় প্রধান খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনের নেতা শেখ ফরিদুল ইসলাম ও আবদুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম চৌধুরী।

৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী একটি জাহাজ ডুবে যায়। এতে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। তেল ছড়িয়ে পড়া এলাকাটি সরকার ঘোষিত ডলফিনের অভয়ারণ্য। এ ছাড়া সুন্দরবন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য এবং জাতিসংঘ ঘোষিত বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমি।