সুন্দরবনের ঘটনায় তদন্ত কমিটি গঠন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কমিটি করেন।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী একটি জাহাজ ডুবে যায়। এতে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। ঘটনার ১১ দিন পর বিএনপি এ কমিটি করল।
বিএনপির একটি সূত্র জানায়, কমিটির সদস্যরা সুন্দরবন এলাকায় গিয়ে সেখানকার পরিবেশ বিপর্যয় ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। এ ছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
কমিটির প্রধান করা হয়েছে সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে সুন্দরবন এলাকায় যাব। সেখানকার ক্ষয়ক্ষতি দেখে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সুন্দরবন রক্ষা কমিটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সাবেক সাংসদ নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আবদুস সালাম ও পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী।
২৫ ডিসেম্বরের মধ্যে বিএনপির চেয়ারপারসনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।