সুন্দরবনের ঘটনায় বিএনপির ষড়যন্ত্র আছে কি না, তা অনুসন্ধানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে তেলের ট্যাংকারডুবির ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র আছে কি না, তা অনুসন্ধানের দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে ‘বিজয়ের ৪৩ বছর: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সুন্দরবনে তেলের ট্যাংকারডুবির ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ।
হাছান মাহমুদ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বাধীন দল সুন্দরবনে অনুসন্ধানে নয়, পিকনিকে গেছেন। ওই দলে যাঁরা আছেন, তাঁদের অনুসন্ধানের কোনো যোগ্যতা আছে কি না, তা জানা নেই।
‘কার কত সাহস দেখব’: গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘৫ জানুয়ারি আমি নিজেজই লুঙ্গি পিন্দাই (পরে) রাস্তায় দাঁড়ামু (দাঁড়াব)। দেখতে চাই কার কতটা হেডম (সাহস) আছে।’ তিনি বলেন, ‘৫ জানুয়ারি কিন্তু অনেক দেরি। আজকে থেকেই রাস্তায় নেমে যান। যেখানে দেখবেন এই দুষ্কৃতকারী, বোমাবাজরা বোমাবাজি করছে, সেখানেই ধইরা এমন মিষ্টি (উত্তম-মাধ্যম) খাওয়াইয়া দিবেন, জীবনে আর যাতে কোনো দিন মিষ্টি খাইতে না চায়।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘পাড়া-মহল্লায় সতর্ক থাকবেন। কোনো দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারী যেন কোনো বাসাবাড়িতে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করতে না পারে। বিএনপি-জামায়াতের সব কর্মকাণ্ডের জবাব জনগণকে সঙ্গে নিয়ে দেওয়া হবে।’