সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে জয়নুল-খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন
জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৭-১৮) জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে জয়ী হয়েছেন। সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদসহ ১৪টি পদের মধ্যে মোট আটটি পদে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা।
অন্যদিকে সহসভাপতি, সহসম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।
জয়নুল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আর খোকন বিএনপির যুগ্ম মহাসচিব। প্রধান দুটি পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সমিতিতে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠিত হলো। গত বছর সংখ্যাগরিষ্ঠ পদ পাওয়ায় সমিতির কর্তৃত্ব আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে ছিল।
এবারের নির্বাচনে সরাসরি কোনো রাজনৈতিক দল সমর্থিত প্যানেল ছিল না। তবে প্রধান দুটি দল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী পরিষদ, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচনে অংশ নেওয়া নিজ নিজ সংগঠনের নেতাদের সমর্থন দিয়েছে।
২২ ও ২৩ মার্চ সমিতির নির্বাচনে ভোট নেওয়া হয়। নির্বাচনে ৫ হাজার ৮০ ভোটের মধ্যে ৩ হাজার ৯২৮ ভোট পড়ে। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। গতকাল শুক্রবার সকালে নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জয়নুল আবেদীন ১ হাজার ৯২৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট। সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী রবিউল আলম পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।
অন্যান্য পদের মধ্যে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত সহসভাপতি পদে মো. ওয়াজি উল্লাহ, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, সহসম্পাদক পদে শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জ্বল ও হাবিবুর রহমান জয়ী হয়েছেন। বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল-সমর্থিত সহসভাপতি পদে বিজয়ী উম্মে কুলসুম বেগম, সহসম্পাদক পদে শামিমা সুলতানা এবং কার্যনির্বাহী সদস্য পদে শেখ তাহসিন আলী, আয়শা আক্তার, হাসিবুর রহমান ও মৌসুমী আখতার জয়ী হয়েছেন।
নির্বাচন উপকমিটির আহ্বায়ক মসিউজ্জামান জানান, সমিতির বিধিমালা অনুসারে রাজনৈতিক প্যানেল নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তাই এবার প্রার্থীরা কোনো প্যানেলে প্রচার চালাননি।
দৃশ্যত কোনো প্যানেলের উপস্থিতি দেখা না গেলেও প্রতিবারের মতো এবারও নির্বাচনে সরকার-সমর্থক ও বিএনপি-জামায়াত জোটের সমর্থকদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।