সুফিয়ানকে 'অবমূল্যায়নের' প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএনপি নেতা আবু সুফিয়ানকে ‘অবমূল্যায়ন’ করে নগর কমিটি ঘোষণার প্রতিবাদে বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন তাঁর সমর্থকেরা। গতকাল বুধবার দুপুরে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতেয়ার ও মহানগর তাঁতী দলের সভাপতি আফিল উদ্দীন।
বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মাঠপর্যায়ের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু চট্টগ্রাম নগর কমিটিতে এই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেনি। বরং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে রাজপথের নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে।
বক্তারা বলেন, আবু সুফিয়ান চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে অনন্য ভূমিকা পালন করে আসছেন। নগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন। বারবার কারা নির্যাতিত হয়েছেন।
বক্তারা বলেন, ‘অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে আবু সুফিয়ানকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি করে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
গত শনিবার চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি করা হয়েছে শাহাদাত হোসেনকে। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর বিদায়ী কমিটির সহসভাপতি আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে।