সুবহান ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন: জামায়াত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ রায়ের মধ্য দিয়ে সুবহান ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করা হয়। তারা মনে করে, তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে প্রচার বিভাগের পক্ষে এম আলম সই করেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার ও জামায়াতকে সমূলে ধ্বংস করার জন্য অব্যাহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকার রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধী বানানোর ষড়যন্ত্র করে এবং জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে। এমনকি তারা জামায়াতকে নির্মূল করার প্রকাশ্য ঘোষণা দেয়।’
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবেও বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।