সুবিদ আলী বিশ্বাস করেন জিয়া প্রথম রাষ্ট্রপতি: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিশ্বাস করেন আওয়ামী লীগদলীয় সাংসদ সুবিদ আলী ভুঁইয়া। এ কারণে তিনি সংসদীয় কমিটির বৈঠকে এমন কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি সুবিদ আলী ভুঁইয়ার নাম উল্লেখ করেননি।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ এমন মন্তব্য করেন। ‘মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ’ ওই সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগের একজন নেতা সংসদীয় কমিটির আনুষ্ঠানিক সভায় বলতে বাধ্য হয়েছেন জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি। নিশ্চয় তিনি মনে মনে তা বিশ্বাস করেন। এই কারণেই তাঁর মুখ ফসকে এই কথা বেরিয়েছে। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা আরও ঘটবে। এভাবেই এই সরকার নিজেরাই নিজেদের পতন ঘটাবে।

গত বুধবার সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংসদীয় কমিটির অন্য সদস্যদের তোপের মুখে পড়েন সুবিদ আলী ভুঁইয়া। পরদিন সংবাদ সম্মেলন করে অবশ্য সুবিদ আলী ভুঁইয়া বলেন, সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেছেন—এ কথা কেউ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনকে পরাজিত করেছিলেন আওয়ামী লীগের সুবিদ আলী ভুঁইয়া।

হতাশ না হওয়ার আহ্বান:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, আন্দোলনে সফলতা না আসায় দলের নেতা-কর্মীদের অনেকে হতাশ হয়ে পড়েছেন। ‘ফ্যাসিবাদী’ সরকার ক্ষমতায় থাকলে অন্য দলের নেতা-কর্মীদের নানা নির্যাতনের মুখে পড়তে হয়। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সরকার এভাবে বেশি দিন টিকে থাকতে পারে না। তাই তিনি নেতা-কর্মীদের হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। তিনি এও বলেন, শুধু সভা করে দাবি আদায় করা সম্ভব না। এই সরকারের কাছে আইনের কথা বলে, ন্যায়ের কথা বলে লাভ হবে না। এটাই প্রত্যাশিত যে ‘ফ্যাসিবাদী’ সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হতে দেবে না।

বর্তমান প্রেক্ষাপটে জনগণ ও বিরোধী কণ্ঠস্বর কারাগারে বন্দী—এমন অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, সরকার অলিখিত বাকশাল চালু করেছে। গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদের উত্থান হচ্ছে। সরকার জঙ্গিবাদ উৎখাত না করে রাজনৈতিক ‘ব্লেম গেম’ করছে।

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে মুক্ত করতে ইউনিয়ন পর্যায় থেকে আন্দোলন শুরু করার পরামর্শ দিয়ে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, মান্নানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একটি মামলায় জামিন পেলে আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। কারণ, মান্নান জনপ্রিয় নেতা। বিপুল ভোটে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

সভায় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, বিএনপির সহস্বাস্থ্য–বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।