সুবিদ আলী বিশ্বাস করেন জিয়া প্রথম রাষ্ট্রপতি: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, আওয়ামী লীগদলীয় সাংসদ সুবিদ আলী ভুঁইয়া বিশ্বাস করেন জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। এ কারণে তিনি সংসদীয় কমিটির বৈঠকে এই কথা বলেছেন।
গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ এমন মন্তব্য করেন। ‘মেয়র অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ’ ওই সভার আয়োজন করে।
সুবিদ আলীর নাম উল্লেখ না করে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগের একজন নেতা সংসদীয় কমিটির আনুষ্ঠানিক সভায় বলতে বাধ্য হয়েছেন জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি। নিশ্চয় তিনি মনে মনে তা বিশ্বাস করেন। এই কারণেই তাঁর মুখ ফসকে এই কথা বেরিয়েছে।
গত বুধবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংসদীয় কমিটির অন্য সদস্যদের তোপের মুখে পড়েন সুবিদ আলী। পরদিন সংবাদ সম্মেলন করে অবশ্য তিনি বলেন, সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেছেন—এ কথা কেউ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।