সুবিধাবাধীদের উপদ্রব, তোরণ ভাঙার আহ্বান খুলনা আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতাদের নাম ও ছবি ব্যবহার করে খুলনা নগরে থাকা সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের আহ্বান জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুবুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক বিবৃতি এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একশ্রেণির সুবিধাবাদী দলের নাম ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের দলে কোনো পদ-পদবি নেই। অথচ ওই সব বিতর্কিত ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল, সাংসদ মন্নুজান সুফিয়ান, তালুকদার খালেক ও মিজানুর রহমান মিজানের ছবির পাশে তাদের ছবি ব্যবহার করে নগরীতে পোস্টার, ফেস্টুন এবং তোরণ নির্মাণ করেছে। এই কর্মকাণ্ডের জন্য দলীয় নেতা ও দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে এখানে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সুবিধাবাদীদের বারবার বলা সত্ত্বেও জাতীয় ও স্থানীয় নেতাদের ছবি ব্যবহার করছে। তাই মহানগর নেতারা অবিলম্বে এসব প্যানা, ব্যানার, ফেস্টুন ও প্যানা-সংবলিত গেট অপসারণ করার আহ্বান জানান। অন্যথায় সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে এগুলো অপসারণ করা হবে।
অনুমতি ছাড়া কেউ নেতাদের ছবি ব্যবহার করতে পারবে না। যে বিনা অনুমতিতে নেতাদের ছবি ব্যবহার করবে, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নামও আছে।