সুযোগ কাজে লাগাল বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করেছে। সাধারণ সম্পাদকসহ দুটি পদে জয়ী হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের বাম-সমর্থিত সমমনা আইনজীবী সংসদ। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে জয়ী হয়েছে। নির্বাচনে ১৯টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আইনজীবীরা জানান, ২০০৫ সাল থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের দুটি প্যানেল পৃথকভাবে নির্বাচন করছে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি নির্বাচনেই বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ বেশিরভাগ পদে জয়ী হচ্ছে।
বাম-সমর্থিত সমমনা আইনজীবী সংসদের নেতা সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘একক প্রার্থী দেওয়ার বিষয়ে একাধিকবার আলোচনা করলেও কোনো ফল হয়নি। একক প্যানেল থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীরা সব পদে জয়ী হতেন। তখন অন্যদের অস্তিত্ব থাকত না।’
একই মন্তব্য করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের দুটি প্যানেল আলাদাভাবে নির্বাচন না করে একক প্রার্থী দিলে অন্যদের নাম-চিহ্ন থাকত না।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের বিষয়ে জানতে চাইলে সমন্বয় পরিষদের নেতা ইব্রাহীম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেন ভরাডুবি হয়েছে তা আমরা আলোচনা করে বের করব। ভুলত্রুটি শুধরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেব। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই।’
গত বুধবার দিবাগত রাত একটায় প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এর আগে সমিতির মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৩ হাজার ৪৩০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮২৮ জন ভোট দেন।
সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদের মো. কফিল উদ্দিন চৌধুরী ১ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী রতন কুমার রায় পেয়েছেন ৯০৭ ভোট।
পরাজয়ের কারণ জানতে চাইলে রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে বিরোধী শক্তিরা জোটবদ্ধ ছিল। তবে নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই বলে তিনি দাবি করেন।
সাধারণ সম্পাদক পদে মুক্তিযুদ্ধের পক্ষের বাম-সমর্থিত এস এম জাহেদ ১ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৮১৬ ভোট।
নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মুজিবুর রহমান চৌধুরী, সহসভাপতি পদে ঐক্য পরিষদের এইচ এস আবুল হাসান এবং সহসাধারণ সম্পাদক পদে সমমনা আইনজীবী সংসদের মোহাম্মদ রাসেল জয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ সাইফুদ্দিন, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের ফজলুল বারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের দুলাল চন্দ্র দেবনাথ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের রায়হান সালেহীন জয়ী হন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে বিজয়ী হন ঐক্য পরিষদের মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাছির উদ্দিন আহম্মদ খান, রাশেদুল ইসলাম চৌধুরী ও শফিকুল আলম এবং সমন্বয় পরিষদের আজহারুল হক, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, রুবেল কুমার দেব ও শুভাশীষ শর্মা।
সদ্য নির্বাচিত সভাপতি আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্নীতিমুক্ত স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা ও আইনজীবীদের কল্যাণের জন্য নতুন কমিটি কাজ করবে।