সুরঞ্জিতের আসনে আ.লীগ প্রার্থী স্ত্রী জয়া

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন আঞ্জুম সুলতানা।
আজ রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এ ছাড়া নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দলের সমর্থন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জাতীয় সংসদে সাতবার সুনামগঞ্জের দিরাই-শাল্লার মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর স্ত্রী জয়া সেনগুপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আফজল খানের মেয়ে। আঞ্জুম সুলতানা কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী প্যানেল মেয়র। তিনি বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। ২০০৯ সালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
মনোনয়নপত্র নিলেন সুরঞ্জিতের স্ত্রী জয়া