বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের ৫০তম দিন গতকাল সোমবার ঝিনাইদহে পাওয়া গেছে দুলাল হোসেন (২৬) ও গোলাম আজম ওরফে পলাশ (২৮) নামে দুই ‘বিএনপি কর্মীর’ গুলিবিদ্ধ লাশ। সকালে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের একটি মাঠে তাঁদের লাশ পাওয়া যায়।
এর আগের দিন রাতে রাজধানীর মিরপুরে গুলিতে তিন তরুণ ও কল্যাণপুরে কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হন। এ নিয়ে ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে সহিংসতায় ছয় ব্যক্তি প্রাণ হারালেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জিগাতলার বাড়িতে গতকাল রাতে ককটেল হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গুলশানে গতকাল রাতে একটি ভবনে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। ভবনটির ছয়তলায় সিঁড়ির একটি অংশ ভেঙে দুটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।
নড়াইলের লোহাগড়া ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। নোয়াখালীর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে হিউম্যান হলারে ভাঙচুর ও আগুন দিয়েছে ক্রিকেট খেলোয়াড়ের ছদ্মবেশী দুর্বৃত্তরা। কিশোরগঞ্জে কীর্তনের পুণ্যার্থীবাহী মাইক্রোবাসে চালানো হয়েছে ভাঙচুর। লক্ষ্মীপুরে অটোরিকশায় দেওয়া হয়েছে আগুন। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত নাশকতায় জড়িত থাকার সন্দেহ এবং মামলাসহ বিভিন্ন ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ২৯ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ কর্মসূচি। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা।
ক্রসফায়ারে নিহত ৩১ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১০৮ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৫৯৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৫৮০টি।
সুরঞ্জিতের বাড়িতে ককটেল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জিগাতলার বাড়িতে গতকাল রাতে ককটেল হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের বাসার পেছন পাশ থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এতে তাঁর বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। সুরঞ্জিত সেনগুপ্ত বিদেশে অবস্থান করছেন। এ ঘটনায় সুরঞ্জিতের একজন ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেছেন।
রাজধানীর চিত্র: রাজধানীর গুলশানে গতকাল রাতে একটি ভবনে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহত আবরার সালাম, আরমান সালাম ও আরও একজনকে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে গুলশান-১ এর ১২৭ নম্বর সড়কের ১২/এফ নম্বরের বাড়ির ছয়তলা ভবনের ছাদের ওপর টিনশেড কক্ষে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে টিনশেড ভেঙে পড়ে। এতে ওই কক্ষে থাকা তিনজন আহত হন। একই সঙ্গে ছয়তলার সিঁড়ি ভেঙে নিচে থাকা দুটি গাড়ির ওপর পড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম বলেন, ছয়তলার ছাদে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আবরার জানান, ছয়তলা ছাদের ওপর ওই টিনের কক্ষটি তাদের খেলার ঘর। গতকাল রাত ১০টার দিকে তিনি, তার চাচাতো ভাই আরমান সালাম ও তাদের এক বন্ধু ওই কক্ষে খেলার জন্য যান। লাইটের সুইচ দিতেই বিস্ফোরণ হয় বলে দাবি করেন আবরার।
এদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় গতকাল দুপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ঢাকার বাইরের চিত্র: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল জানান, একটি লাঠিতে কাপড় বেঁধে সেটার মাথায় আগুন ধরিয়ে কার্যালয়ের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় আগুনে একটি ফাইল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
নোয়াখালীর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার মাইজদীতে অবস্থিত এ কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের নথি সংরক্ষণকক্ষের (স্টোর রুম) পুরোনো সরকারি নথি ও কিছু আসবাব পুড়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনাকে নাশকতা বলে দাবি করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির দাবি করেন, কার্যালয়ের বাইরে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নথি সংরক্ষণকক্ষের কাচের জানালা লক্ষ্য করে পেট্রলবোমা হামলা করেছে। ঘটনার সময় তিনি পাশের একটি কক্ষেই ছিলেন। শব্দ শুনে তিনি নিজের কক্ষ থেকে বেরিয়ে পাশের কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় দমকল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুব আলম বলেন, কক্ষের বাইরে থেকে জানালার কাচ ভেঙে কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের খালি বোতল উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় ক্রিকেট খেলার ছদ্মবেশে যাত্রীবাহী একটি হিউম্যান হলারে ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
কিশোরগঞ্জের কটিয়াদীতে কীর্তনের পুণ্যার্থীদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এতে বাসচালক আমির হোসেন আহত হন। রোববার রাত ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর চরিয়াকোনায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে পেট্রল ঢেলে একটি খালি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় রোববার দিবাগত রাত পৌনে একটায় এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।