সুশাসন ও জবাবদিহির বাজেট হয়নি: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঘোষিত বাজেটে অপচয়, অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ হয়নি। বরং এই সরকারের সময় দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও আইনের শাসন এবং জবাবদিহির যে ঘাটতি রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে বাজেটে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ প্রথম আলোকে এ কথা বলেন।

কারোনাকালীন এই বাজেটে স্বাস্থ্য এবং হতদরিদ্র ও শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপেক্ষিত হওয়ার অভিযোগ করেন আমীর খসরু। তিনি অভিযোগ করে বলেন, প্রস্তাবিত বাজেট দেখে মনে হবে, তারা (সরকার) মনে করে না, আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, এবারের বাজেট কেবল বার্ষিক হিসাব-কিতাবের বাজেট হওয়ার কথা নয়। বাজেট হওয়া উচিত ছিল ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালার পথনির্দেশনা এবং অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। ভবিষ্যতে অর্থনীতি পুনরুদ্ধারের মডেল কী হতে পারে, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বাজেটের ফোকাস কী হবে, তার পথনির্দেশনার বাজেট। কিন্তু সরকার সেদিকে যায়নি।

আমীর খসরু বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্তও। অনানুষ্ঠানিক খাতের চার থেকে পাঁচ কোটি শ্রমিক। এর সঙ্গে ছোট ব্যবসায়ীরাও। করোনায় তাঁদের জীবন-জীবিকা যেখানে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য বাজেটে যে বরাদ্দ, তাতে তাঁদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের দিকে যায়নি তারা।

বাজেটে প্রণোদনার বরাদ্দ ৫ থেকে ৭ শতাংশ করার প্রস্তাব করেছিল বিএনপি। সেটির উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, অনেক দেশে বাজেটে প্রণোদনার বরাদ্দ ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত হয়েছে। কিন্তু সরকারের বরাদ্দ ২ শতাংশের নিচে। এটা লোকদেখানোর প্রণোদনা। এটা সচ্ছলতা এবং ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে না।

বিএনপির এই নেতা মনে করেন, মুক্তবাজার অর্থনীতির কথা বলে দেশে আয়বৈষম্য বেড়েছে। ‘স্বজন তোষণের’ অগ্রাধিকারের ভিত্তিতে এ সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে। যার ফলে মাত্র ১ শতাংশ লোকের কাছে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। এমনকি এই করোনাকালেও অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন হাজার হাজার লোক। ফলে মুক্তবাজার অর্থনীতিতে সম প্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ, সে সুযোগ তারা বন্ধ করে দিয়েছে।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য খাত যেখানে সবচেয়ে দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে, সেখানেও তারা (সরকার) আগের মতো বরাদ্দ করেছে। আমাদের পরামর্শ ছিল জিডিপির ৫ শতাংশ বরাদ্দ করার। যদিও কম বিনিয়োগের মধ্যেও গত অর্থবছরের এপ্রিল পর্যন্ত তারা বাস্তবায়ন করেছে মাত্র ২৯ শতাংশ। শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। এই খাতেও বাজেটে বরাদ্দ এবং ব্যবস্থাপনায় তাদের কমিটমেন্ট লক্ষ করা যাচ্ছে না। বাজেটে দেশের মানুষের প্রতি তাদের কমিটমেন্টের লেশমাত্রও দেখা যাচ্ছে না।’