সুশাসনের ঘাটতি এখন বড় উদ্বেগের বিষয়

দেশে এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সুশাসনের ঘাটতি। সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হয়। এভাবে মানবাধিকার লঙ্ঘন হতে থাকলে, মানুষ বঞ্চনার শিকার হলে বাংলাদেশ জাতিসংঘ-ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন করতে পারবে না।
‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ নামের একটি নতুন উদ্যোগের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক মিলে ওই প্ল্যাটফর্ম বা মঞ্চটি গঠন করেছেন। এর কাজ হবে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও মাত্রা পর্যবেক্ষণ, সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়ে নীতিনির্ধারকদের সচেতন করা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় সামাজিক জবাবদিহি নিশ্চিত করা। তবে এ উদ্যোগ এসডিজির একটি লক্ষ্যের ওপর বেশি জোর দেবে, সেটি হলো সুশাসন নিশ্চিত করা।
সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। এর আহ্বায়কের দায়িত্ব পালন করবেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
২০১৫ সালে জাতিসংঘের সাধারণ সম্মেলনে এসডিজি গৃহীত হয়। এতে ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য ও ১৬৯টি অভীষ্ট অর্জনের জন্য দেশগুলো অঙ্গীকার করেছে। এর মধ্যে বাংলাদেশও আছে।
সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজি একটি সর্বজনীন কর্মসূচি। একটি রূপান্তরের কর্মসূচি। একটি সমন্বিত কর্মসূচি। এ বৈশিষ্ট্য আমাদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই আমরা একত্র হয়েছি।’
নতুন উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে এসডিজির বাস্তবায়ন চাই। সরকার যে কাজগুলো করছে, সেগুলোর সঙ্গে গঠনমূলক সহযোগিতা করতে চাই। আবার নজরদারিও করতে চাই। বাস্তবায়নের প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, সম্পদের ব্যবহার যাতে সুষ্ঠু হয় এবং সেখানে যাতে জবাবদিহি থাকে, সে চেষ্টা আমরা করব।’
নাগরিক প্ল্যাটফর্মের ‘কোর গ্রুপের’ সদস্য আটজন। এ ছাড়া এর ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও আছে। কোর গ্রুপের সদস্যরা হলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ব্র্যাকের সহসভাপতি মুস্তাক রাজা চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্যবসায়ী আসিফ ইব্রাহিম ও সৈয়দ নাসিম মঞ্জুর এবং সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সমন্বয়ের দায়িত্ব পালন করবেন সিপিডির আনিসাতুল ফাতেমা ইউসুফ।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক রেহমান সোবহান, স্যার ফজলে হাসান আবেদ, অধ্যাপক আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, সৈয়দ মঞ্জুর এলাহী, হামিদা হোসেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুস্তফা মনোয়ার, রোকিয়া আফজাল রহমান, রাজা দেবাশিষ রায়, শ্রীমতী সাহা, আবদুল্লাহ আবু সায়ীদ ও শাইখ সিরাজ। ২৬টি বেসরকারি সংস্থা গতকাল পর্যন্ত এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। নাগরিক প্ল্যাটফর্মের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে সিপিডির কার্যালয় থেকে।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘আজকে আমরা যেটি নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন, কিছুটা দুর্ভাবনার মধ্যে আছি, কখনো কখনো হতাশাগ্রস্ত, সেটি হলো সুশাসনের অভাব। একটি আধুনিক, প্রগতিশীল, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসনের অভাব থাকাটা বাঞ্ছনীয় নয়।’
সুশাসনের অভাব মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং প্রতি পদে মানবাধিকারের লঙ্ঘন ঘটাতে থাকে বলে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, ‘এরপরে সমাজে এমন এক ধরনের হতাশা তৈরি হয়, যে হতাশা থেকে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র একদিকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কোনো কিছুর তোয়াক্কা করছে না। কোনো সমস্যা সমাধান করতে গেলে ছোটখাটো পথ খুঁজছে।’
সাধারণ মানুষও আইন নিজের হাতে তুলে নিচ্ছেন বলে উল্লেখ করেন সুলতানা কামাল। তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের বলছে, ক্রসফায়ার হওয়ার পরে আপনারা কথা বলছেন কেন, যাদের ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করছে। অতএব, তাদের মানবাধিকার নেই। এই যে একটা বোধ চলে আসে সমাজে, যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে। এটা কোনো আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়।’
শাহীন আনাম বলেন, ‘আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বা চ্যালেঞ্জ হলো সুশাসন। সুশাসনের অভাবে মানবাধিকারের লঙ্ঘন হয়। সেটাই আজকে ঘটছে।’