সুশাসনের সংগ্রামে বেঁচে থাকবেন ডা. মিলন: শিরীন আখতার
শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মবলিদানের মধ্য দিয়েই এরশাদ স্বৈরাচারবিরোধী গণ–আন্দোলন ’৯০–এর ঐতিহাসিক গণ–অভ্যুত্থানে পরিণত হয়েছিল। তবে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। বাংলাদেশ রাষ্ট্রকে নিরাপদ করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যেই শহীদ ডা. মিলন বেঁচে থাকবেন।
ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথাগুলো বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা হয়। এর আয়োজন করে জাসদ কেন্দ্রীয় কমিটি। ডা. মিলন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর তৎকালীন যুগ্ম মহাসচিব ও জাসদ নেতা ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
সাংসদ শিরীন আখতার বলেন, ডা. মিলনের আত্মদানের পর গণ–আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পরাজয় ও জনগণের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল। শহীদ ডা. মিলন কিশোর বয়সে ছাত্রজীবন থেকেই জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ পরিবর্তনের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করার সাহস দেখাতে পেরেছিলেন।
শিরীন আখতার বলেন, ডা. মিলনসহ অসংখ্য শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে সামরিক শাসনের পরজয় হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে নিরাপদ করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে দুর্নীতি, ক্ষমতাবাজি, দলবাজি, লুটপাট ও বৈষম্যের অবসানের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আকতার আজকের সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাসদের সহসভাপতি ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন প্রমুখ।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটি কাল শনিবার দিনব্যাপী কর্মসূচি দিয়েছে। কাল সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের সমাধি এবং সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করবে।