সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তাগিদ সৈয়দ আশরাফের
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আজ যারা ছাত্র, আগামী দিনে তারাই এ দেশের নেতৃত্ব দেবে। এ জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই নবীনবরণ অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমাদের মধ্যেই আছে আগামীর বঙ্গবন্ধু আর সৈয়দ নজরুল ইসলামের মতো নেতা। সৈয়দ নজরুলের নামে প্রতিষ্ঠিত কলেজে পড়াশোনা করে তোমরা তাঁর আদর্শে শিক্ষিত হয়ে আগামী দিনের হাল ধরবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রমুখ।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল বিকেলে ত্রিশাল উপজেলার একটি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন।