সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই: জামায়াত
জামায়াতে ইসলামী বলেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ, শঙ্কা ও ভয়ভীতি বিরাজ করছে।
গতকাল সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি দল-সমর্থিত প্রার্থীদের ভোট কারচুপি ও ভোট ডাকাতির সুযোগ করে দেওয়ার হীন উদ্দেশ্যেই নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েন করেনি।
বিবৃতিতে বলা হয়, তিন সিটিতে নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির চেয়েও ভোট ডাকাতি ও ভয়াবহ কারচুপির ‘নিকৃষ্ট’ নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। সরকারবিরোধী প্রার্থী ও নেতা-কর্মীদের বাসা-বাড়িতে হানা দিয়ে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করে আতঙ্ক সৃষ্টি করছে। গতকাল ঢাকায় আটজন কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের আত্মীয়স্বজনের বাড়িতে পুলিশ হানা দিয়েছে, যাতে তাঁরা গ্রেপ্তারের ভয়ে ভোটকেন্দ্রে না যান। ২৬ এপ্রিল রাতে ঢাকা ও চট্টগ্রামে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিরোধী প্রার্থীদের সব নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছেন।