সুষ্ঠু নির্বাচন আশা করে আর লাভ নেই: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের আশা করে আর লাভ নেই। এই সরকার যত দিন থাকবে তত দিন দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।

আজ রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল এসব কথা বলেন। ‘গুম, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বলেন, ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে বিএনপি যুক্ত থেকে লাভ আছে কি না, সেটা আলোচনার বিষয়।

নজরুল অভিযোগ করে বলেন, দেশে যে যেভাবে পারে লুটেপুটে খাচ্ছে। বাধা দেওয়ার কেউ নেই। সরকার জনগণের টাকায় দলীয় লোকদের লুটের জোগান দিচ্ছে। দেশ এখন গুম-খুন আর ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় ফিলিপাইনের হুলুস্থুল হচ্ছে। অথচ বাংলাদেশ নীরব। এ নিয়ে দু-একজন মুখ খুললেও তাদের গুম করা হয়।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের মহাসচিব এম আমিনুর রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।