সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সহযোগিতা করা হবে: কাদের
নতুন নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পরবর্তী নির্বাচনে না এলে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এ জন্য নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে না বিএনপি।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে নিরাপত্তাব্যবস্থা, নির্বাচন কমিশন, সাম্প্রতিক ইস্যু, রোহিঙ্গা পুনর্বাসন ও সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সব ধরনের সহযোগিতা দেব।’ তিনি বলেন, ‘বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, তার পরিণামে তাদের যতটা দুর্বল, এলোমেলো করেছে, ভবিষ্যতে তাদের রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সে ঝুঁকি তারা নেবে বলে বিশ্বাস হয় না।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এবার সংসদেও নেই, রাজপথেও নেই। পরের বার তারা আবার সংসদেও থাকবে না, রাজপথেও থাকবে না—এ রকম অবস্থায় তাদের প্রাসঙ্গিক থাকার সম্ভাবনা নেই। তাদেরও অনেক বুদ্ধিমান নেতা আছেন। এ ঝুঁকি
তাঁরা নেবেন না।’ নেতিবাচক মানসিকতার কারণেই নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি অসন্তোষ প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে মার্শা বার্নিকাটও সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি আমাদের আহ্বান, নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আশা করি, নির্বাচন কমিশন এ দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা করবে।’