সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা জাপা প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন উপনির্বাচনে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী। গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান এরশাদের রাজনৈতিক উপদেষ্টা শামীম হায়দার অভিযোগ করেন, সুন্দরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুখে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ভেতরে তাঁরা জামায়াত-শিবিরকে লালন করছেন। সুন্দরগঞ্জের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের লোকজন ও দলীয় সমর্থকেরা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। ভোট চাইছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আবদুল কাদের খান স্থানীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হলেও দলীয় প্রার্থী হিসেবে আমার ইমেজে কোনো প্রভাব পড়েনি। এ নিয়ে ভোটারদের মধ্যেও কোনো প্রভাব পড়বে না।’ তিনি বলেন, ‘আমি সাংসদ নির্বাচিত হলে সব রাজনৈতিক দলের সহাবস্থানের মাধ্যমে সুন্দরগঞ্জে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারা ফিরিয়ে আনব। এ ছাড়া সাম্প্রতিক কালে অসুন্দর জনপদে পরিণত হওয়া সুন্দরগঞ্জকে আবারও সুন্দর করে তুলব। এ ছাড়া অবহেলিত এ অঞ্চলে শিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করব।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এই মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবদুর রশিদ সরকার, গাইবান্ধা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খান প্রমুখ।
জামায়াত-শিবির প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মোস্তফা আহম্মেদ বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাওয়ার অভিযোগ ভিত্তিহীন।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়। নতুন নির্বাচন কমিশনের সামনে এখানকার নির্বাচন অনুষ্ঠিত করাই হবে কমিশনের প্রথমবারের মতো আয়োজিত একটি জাতীয় নির্বাচন।