সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আ.লীগের 'বিদ্রোহী'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন। একই ধরনের উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁরা এই শঙ্কার কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তর) আলী আশ্রাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মমিনসহ র‍্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি অনেক শঙ্কিত নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে। কুমিল্লার কয়েকজন সাংসদ চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং চশমা প্রতীকে ভোট দিতে ভোটারদের নির্দেশ দিচ্ছেন।’

এ সময় সভায় চেয়ারম্যান প্রার্থী আবু তাহের উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ভোটার সংখ্যায় বেশি হওয়ায় ইউনিয়ন সচিবদের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন। সাধারণ সদস্য প্রার্থী মো. বিল্লাল হোসেন ও মো. দুলাল মিয়া নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন, যাতে কোনো প্রতিবন্ধকতা ছাড়া কেন্দ্রে প্রার্থী ও ভোটাররা যেতে পারেন।

মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে জন্য নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা রয়েছে। নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্র থাকবে এবং পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্য থাকবেন। তিনি সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।