পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী উপজেলা যুবদলের সাবেক নেতা আনোয়ারুল ইসলাম হাওলাদার। গতকাল মঙ্গলবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ওই ইউপির উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন তালুকদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। স্থানীয় সাংসদ মাহবুবুর রহমান তালুকদার সম্পর্কে তাঁর মামা। এই দাপটে প্রকাশ্যে তিনি সাধারণ ভোটারদের তাঁর পক্ষে ভোট দিতে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু বকর ছিদ্দিক বলেন, উপনির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৭ ডিসেম্বর রাঙ্গাবালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। এ উপনির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা যুবলীগের হুমায়ুন তালুকদার, উপজেলা যুবদলের আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি কবির হোসের তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুর রহমান ফরাজী।