সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির
চট্টগ্রামের তিন উপজেলায় ৩০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আসলাম চৌধুরী প্রশাসন ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপের ৩০টি ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী এবং নেতা-কর্মীদের হুমকি-ধমকি, পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারণায় বাধা, মামলাসহ নানা হয়রানির চিত্র তুলে ধরেন। তবে এত অভিযোগ সত্ত্বেও বিএনপি নির্বাচন থেকে আপাতত সরছে না বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি দলীয় অন্তত ২০জন চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আসলাম চৌধুরী বিএনপির প্রার্থী এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলার ২৩টি সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করেন। আসলাম চৌধুরী বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রাম উত্তর জেলায়ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের চক্রান্ত করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে চলমান দমনপীড়ন বন্ধ করা না হলে এই সরকার জনরোষে পড়তে বাধ্য হবে। তিনি বলেন, যদি জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।
হয়রানি, মিথ্যা মামলা, ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়ে আসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আমিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তফাজ্জল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ফটিকছড়ি বিএনপির সাবেক সহসভাপতি মো. সালাহউদ্দিন, হাটহাজারী বিএনপির আহ্বায়ক নূর মোহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।