সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী। অনেক সাধারণ ভোটারও একই শঙ্কার কথা প্রকাশ করেছেন। তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর আশা, নির্বাচন সুষ্ঠু হবে। প্রশাসন বলছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার, সবই করা হবে।
নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন পৌর বিএনপির সদস্যসচিব মো. হেলাল উদ্দিন শাহ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ঘাটচেক চৌরাস্তার মাথায় প্রচারণা চালাতে দেখা যায়।
মো. হেলাল উদ্দিন শাহ বলেন, ‘ধানের শীষ রাঙ্গুনিয়ার মানুষের অন্তরে আছে। সুষ্ঠু ভোট হলে এখানে ধানের শীষই জয়ী হবে। তবে মনে হয় না সুষ্ঠু ভোট হবে। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে।’
আরেক মেয়র পদপ্রার্থী আবদুর রহমান জামিও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিগত কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়নি। এবারও হয় কি না, সন্দেহ।’
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দিদারুল আলম তাঁদের ওয়ার্ডের কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, গত পৌরসভা নির্বাচনে ওই কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে ভোট শেষ হয়ে যায়।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল প্রথম আলোকে বলেন, ‘শোনা যাচ্ছে কেন্দ্রে কাউকে আসতে দেওয়া হবে না।’
একই শঙ্কার কথা প্রকাশ করেছেন ১ নম্বর নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিন। ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করে ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী এলাকায় রোকসানা আক্তার বলেন, কেউ ভোট দিতে পারবে না। তাই তিনিও ভোট দিতে যাবেন না। গতকাল দুপুরে পৌরসভার ঘাটচেক রাস্তার মাথায় কথা হয় বিএনপির কর্মী শাহাবুদ্দিন শাহেদের সঙ্গে। তিনি বলেন, নেতা-কর্মীরা ভয়ের মধ্যে আছেন। সুষ্ঠু ভোট হলে বিএনপিই জিতবে। তবে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা কম।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শাহজাহান সিকদার এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে।
শাহজাহান সিকদার গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নোয়াগাঁও ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নীত করতে যা যা দরকার, তিনি তা করবেন।
অন্য মেয়র পদপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোজাম্মেল হককে গতকাল বেলা দেড়টার দিকে রাঙ্গুনিয়া থানা ভবনের সামনে চা-দোকানে বসে থাকতে দেখা যায়। তিনি বলেন, ‘পারিবারিক কাজে ব্যস্ত আছি। ২০ তারিখের পর মাঠে নামব।’
সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকের শঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, প্রশাসনের পক্ষÿথেকে সব করা হবে।