চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। এদিকে প্রশাসন আশ্বাস দিলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী।
গত বৃহস্পতিবার শোভনদণ্ডিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
বিএনপির প্রার্থী সামশুল আলম বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাকায় অনেক বহিরাগত সন্ত্রাসী জড়ো করেছেন। তাঁর আশঙ্কা, নির্বাচনের আগের রাতেই ভোট শেষ হয়ে যেতে পারে। তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন চাই বলেই আমি প্রত্যেক ভোটারের ঘরে গেছি। এমনকি প্রতি ঘরে চার থেকে পাঁচবার পর্যন্ত যাওয়া হয়েছে।’
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনে চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুরো ইউনিয়নে দুই প্লাটুন বিজিবি ও ১৫০ জন পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া আনসারের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ওসি বলেন, তাঁর নেতৃত্বে পুলিশের তিনটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতি কেন্দ্রে একজন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ছয়জন সদস্য ও আনসার-ভিডিপির ১৬ জন সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া র্যাবের টহলও থাকবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলেছি।’
ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা: বৃহস্পতিবারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিন রাতে পুলিশ একটি মামলা করেছে।
মামলার বাদী পুলিশের এসআই অলিউল্লাহ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গ্রেপ্তার দুজনসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এক-দেড় শ জনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমির হোসেন (৫০) ও তাঁর ছেলে মিজানুর রহমান (২০)। আমির হোসেন পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।