নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির প্রার্থী আবদুল হাদি চৌধুরী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গত বুধবার ইউনিয়নের গোবরচাঁপাহাটে তাঁর নির্বাচনী ক্যাম্পে (কার্যালয়) সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।
লিখিত বক্তব্যে আবদুল হাদি চৌধুরী বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান ও তাঁর লোকজন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বাধার কারণে কয়েকটি গ্রামে তিনি এখনো পোস্টার টানাতে পারেননি। গত মঙ্গলবার গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের প্রার্থীর ছেলে রূপম ও পিন্টু তাঁদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেন। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজন আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-মিটিং করছেন। প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজন গ্রামে গ্রামে গিয়ে বলছেন, তাঁরা একটি ভোট পেলেও চেয়ারম্যান হবেন। এসব কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বলেন, ‘বিএনপির প্রার্থী আবদুল হাদি চৌধুরী নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁর সন্ত্রাসী বাহিনী আমার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা ভয়ভীতি ও হুমকি-ধমকি সহ্য করছি।’
রিটার্নিং কর্মকর্তা মোজাফ্ফর হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, আগামী ৪ জুন মথুরাপুরসহ উপজেলার আটটি ইউপিতে ভোট। ভোট নিয়ে এখন পর্যন্ত তাঁকে কেউ কোনো অভিযোগ দেয়নি।