সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আওয়ামী লীগের শরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচন সরকারে আওয়ামী লীগের শরিকদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। পৌর নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে শঙ্কায় আছে শরিকেরা। ফলে দলীয় প্রতীকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়াটা তাদের কাছে ‘প্রেস্টিজ ইস্যু’ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের আরেক চিন্তা, এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের সঙ্গে ভুল-বোঝাবুঝি হলে তা পরবর্তী সময়ে প্রভাব ফেলবে কি না।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাম ঘরানার কয়েকটি দল নিয়ে ১৪-দলীয় জোট প্রায় এক দশকের। এর সঙ্গে জাতীয় পার্টিসহ আরও কিছু দল যুক্ত হয়ে মহাজোট নামে গত দুটি জাতীয় নির্বাচনে অংশ নেয়। জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ এখন সরকারেরও অংশ। যদিও জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে আছে।
১৪ দলের একজন দায়িত্বশীল নেতা বলেন, সরকারের অংশ তাঁরা। জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব আছে। এই অবস্থায় পৌরসভায় নিজেদের প্রতিনিধিত্ব না থাকলে সাধারণ মানুষের মধ্যে এমন ভাবনা হবে যে শরিকেরা শুধু সরকারের অলংকার হিসেবেই আছে। আদর্শের পাশাপাশি জনভিত্তির ওপর ভর করেই এই জোট গঠিত—এটা প্রমাণের জন্য পৌর নির্বাচনে ভালো করা দরকার। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচন হলে ভালো হতো। এককভাবে নির্বাচনে অংশ নিয়ে অনেক স্থানে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে।
অবশ্য আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, পৌর নির্বাচন সমঝোতার মাধ্যমে করতে গেলে তাঁদের দলে জটিলতা তৈরি হতো। কারণ, ১৪ দলের শরিকদের পৌরসভায় জেতার অতীত নজির পাওয়া দুষ্কর। আর জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনের বাইরে অন্য নির্বাচনে বিবেচনায় নেওয়া হবে না—এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। তবে পৌর নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে দূরত্ব হবে না।
১৪ দলের বাইরে সরকারের সবচেয়ে বড় শরিক জাতীয় পার্টি। দলটি আসন্ন পৌর নির্বাচনে ৬১টি পৌরসভায় দলের প্রার্থী দিয়েছিল। কিন্তু অনেকেরই মনোনয়ন বাতিল হয়েছে কিংবা প্রত্যাহার করা হয়েছে। বাকি যাঁরা আছেন, তাঁদের বিষয়েও জোরালো আশা দেখছেন না দলের নেতারা। কয়েকজন সম্ভাবনাময় প্রার্থী নির্বাচনের আগেই দল বদল করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ফেনীতে জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নও পেয়েছেন। নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগে গিয়ে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন একজন।
এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদই সংশয় প্রকাশ করেছেন। গত মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের এক অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘নির্বাচনে সহিংসতার শঙ্কায় সারা দেশে জাতীয় পার্টির প্রার্থীদের অর্ধেক বসে গেছে। আমার ভয় হচ্ছে, এই নির্বাচনও মেয়র নির্বাচনের মতো হবে। সকাল নয়টার মধ্যে ভোট শেষ হবে।’
১৪ দলের অন্যতম শরিক ও সরকারের অংশীদার জাসদ পৌর নির্বাচনে ২১টি পৌরসভায় প্রার্থী দিয়েছে। দলটির একটি দায়িত্বশীল সূত্রের তথ্য ও মাঠপর্যায়ে কথা বলে জানা গেছে, দু-তিনটি পৌরসভায় দলটির প্রার্থীর অবস্থা ভালো। অন্য কয়েকটিতে মূল প্রতিদ্বন্দ্বী না হলেও উল্লেখযোগ্য পরিমাণে ভোট পাবে। দলটি যেসব পৌরসভায় গুরুত্ব দিচ্ছে সেগুলো হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, পঞ্চগড় সদর, বগুড়ার নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর ও ময়মনসিংহের মুক্তাগাছা।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা পাঁচটি পৌরসভায় জয়ী হওয়ার আশা করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে শক্ত হতে হবে। ঢাকা সিটি করপোরেশনের মতো যেন নির্বাচন না হয়। সব ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেয়র পদে সাতটি পৌরসভায় দলীয় প্রার্থী দিয়েছে। এগুলো হচ্ছে বরিশালের মুলাদী, নড়াইল সদর, রাজশাহীর কাটাখালী ও দুর্গাপুর, নাটোর সদর ও গুরুদাসপুর এবং মৌলভীবাজার সদর। এর মধ্যে রাজশাহীর দুটি ও নাটোরের গুরুদাসপুরে ভালো করার আশা করছেন দলের নেতারা।
জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ভোট অবাধ ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশা করছেন। বিশেষ করে চিহ্নিত সন্ত্রাসীরা যাতে ভোটে বিঘ্ন ঘটাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ১৪ দলের শরিকেরা সমঝোতার ভিত্তিতে অংশ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়নি। শরিকদের চাপাচাপিতে ৮ ডিসেম্বর ১৪ দলের বৈঠক হয়। বৈঠকে দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আর প্রকাশিত হয়নি। দিলীপ বড়ুয়ার নেতৃত্বে শরিক দলগুলোর নেতারা সিরাজগঞ্জে গতকাল বৈঠক করেন।
জানতে চাইলে দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।’