সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউপিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। লালপুর ও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দশা দেখে তাঁদের মধ্যে এ শঙ্কা তৈরি হয়েছে বলে প্রার্থীরা জানিয়েছেন।
৭ মে নলডাঙ্গার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৭৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৫২টি কেন্দ্রে ৯৯ হাজার ৬২৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে আওয়ামী লীগের প্রার্থীরা ছাড়া বাকি সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
বিএনপির পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, দ্বিতীয় ধাপে জেলার লালপুরের ১০টি ও তৃতীয় ধাপে সদর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুই দফায় সব কটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ এ দুটি এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকে এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা অস্ত্রধারী ব্যক্তিদের তালিকা হস্তান্তর করার পর একজন অস্ত্রধারীকেও গ্রেপ্তার করা হয়নি। নির্বাচনের দিন বিএনপির সমর্থক ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। যিনি গিয়েছেন, কেন্দ্রের ভেতরে সেই ভোটারের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল মেরেছেন নৌকার এজেন্টরা। অনেক অভিযোগ করেও এর সুরাহা করা হয়নি। তাই নলডাঙ্গার নির্বাচনও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখছেন না তাঁরা।
বিএনপির নেতা সাখাওয়াত হোসেন আরও অভিযোগ করেন, এরই মধ্যে তাঁদের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিএনপির প্রার্থীর এজেন্ট না হতে দলের সমর্থকদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এসব অভিযোগ জানার পরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।
বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী তহিদুর রহমান বলেন, ‘এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া আমাদের কারও ভোট চাওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে বের হলেই আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। আমি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা নিয়ে শঙ্কিত।’
জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম নলডাঙ্গার বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীদের শঙ্কা নাকচ করে দিয়ে বলেন, নলডাঙ্গায় শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ গতকাল বুধবার বলেন, ‘শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপির শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা তাদের প্রচারণায় কোনো বাধা সৃষ্টি করিনি। তবে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টির কিছু অভিযোগ আমাদের কানে এসেছে। আমরা ওখানে যাতে সুষ্ঠুভাবে ভোট হতে পারে, সে জন্য আমাদের দলীয় নেতা-কর্মীদের পদক্ষেপ নিতে তাগাদা দিয়েছি।’