খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী।
২৫ ফেব্রুয়ারি সকালে দার্জিলিংপাড়ায় গণসংযোগের সময় কথা হয় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউসুফের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাঁর জয়ের সম্ভাবনা শতভাগ। তবে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কায় আছি।’
একই দিন কথা হয় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মেমং মারমার সঙ্গে। সে সময় তিনি গুইমারা বাজার এলাকায় গণসংযোগ করছিলেন। মেমং মারমা বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এবারও জনগণ আমাকে জয়ী করবেন।’
মেমং মারমার অভিযোগ, একটি আঞ্চলিক রাজনৈতিক দল স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে কিছু এলাকায় তাঁর কর্মীদের গণসংযোগে বাধা দিচ্ছে ও পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ প্রতিহত করবে।
স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন। জনগণের অধিকার আদায়ের জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।
প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ প্রত্যাখ্যান করে উশেপ্রু মারমা বলেন, তাঁর প্রতি জনগণের সমর্থন বেশি থাকায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তিনি এখন শঙ্কায় আছেন।
এদিকে নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন বলেন, নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত করতে প্রশাসন প্রস্তুতি নিয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা সেল গঠন করা হয়েছে। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।